চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হয়েছে। শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, কুমিল্লার আদর্শ সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও চট্টগ্রামের বোয়ালখালীর শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে চট্টগ্রামের প্রথম উপজেলা হিসেবে বোয়ালখালী শতভাগ বিদ্যুৎ সংযোগ পেল। শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন অনেক বাড়িয়েছিলাম। পরবর্তীতে ২০০৮ সালে ফের ক্ষমতায় এসে দেখলাম, যা রেখে গিয়েছিলাম, তার চেয়ে উৎপাদন আরও কমে গেছে। বিএনপি-জামায়াত জোট সরকার উৎপাদনতো বাড়ায়নি, উল্টো কমিয়ে গেছে। সেখান থেকে ফের শুরু করে এখন ৭৮ শতাংশ মানুষকে বিদ্যুৎ দিতে পারছি। অচিরেই শতভাগ মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করে দেবো। সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ অন্যান্যা কর্মকর্তারা।তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য শুনেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার এই কাজ সম্পন্ন হয়। যার গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন।



