সারাদেশের ন্যায় চট্টগ্রামের সব পাবলিক বিশ্ববিদ্যালয়েও চলছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি, মানববন্ধন এবং সমাবেশ। এসব কর্মসূচিতে অংশ নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। ০১ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটোরিনারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নেতৃত্বে র্যালি শুরু হয়। র্যালি শেষে মানববন্ধ ও সমাবেশ করেন তারা। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
গুলশানের হলি আর্টিজেন রেস্তোরাঁয় সন্ত্রাসী ও জঙ্গি হামলার এক মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে এসব কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ক্লাস বর্জন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যালি শুরু হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে র্যালি, মানববন্ধন ও সমাবেশ চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন।চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে র্যালি, মানববন্ধন ও সমাবেশ চলছে। এছাড়া বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি চলছে।




