অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল। ২৭ জুলাই বেলা ১১টার দিকে কাকরাইল মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মসজিদের সামনে গিয়ে বিক্ষোভটি শেষ হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কমিটির ঢাকা মহানগর উত্তর যুবদল সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন, তেজগাঁও থানা যুবদল সভাপতি মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সভাপতি মো. রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান, নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আমীর হোসেন, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, আদাবর থানার আহ্বায়ক কামাল হোসেন, পল্লবী থানার আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ অংশ নেন। মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে সাজা বাতিলের দাবিসহ সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।



