ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে জনগণের ভোগান্তি লাঘবে জেলা প্রশাসকদের আন্তরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ২৭ জুলাই জেলা প্রশাসক সম্মেলন-২০১৬ এর ২য় দিনের প্রথম অধিবেশন শেষে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে সরকার আন্তরিক। এ কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি ডিজিটাইলেজশনের কাজ চলছে। তবে এটা আবেগ বা বক্তৃতার বিষয় নয়। বাস্তবতার নিরিখে কাজ করা কঠিন। অস্ট্রেলিয়ার এ কাজ করতে ২০ বছর লেগেছে, ভারত এখনও ২০ ভাগ শেষ করতে পারেনি। আমরা দ্রুত এ কাজ শেষ করার লক্ষ্যে কাজ করছি। এখানে প্রযুক্তিজ্ঞান ব্যবহার, প্রযুক্তি যন্ত্রপাতি সংগ্রহের ব্যাপার আছে। তবে আমরা দ্রুতই এ কাজ শেষ করবো।
মন্ত্রী আরও বলেন, ভূমি সংক্রান্ত ভোগান্তি সম্পর্কে আপনারাও জানেন, আমিও জানি। পর্চা এবং খতিয়ান পেতে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। জনগণের এসব ভোগান্তি কমাতে জেলা প্রশাসকরা আন্তরিক রয়েছেন। তারপরও এ বিষয়ে তাদের আরো যত্নবান হতে বলেছি। ভূমি মন্ত্রী বলেন, বর্তমানে ভূমি খাতে যতো অনিয়ম রয়েছে তা আগের সরকারগুলোর। বিভিন্ন সামরিক ও গণতান্ত্রিক সরকারের জমানো অনিয়ম জমে এখন কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা জেলা প্রশাসকদের এ প্রতিবন্ধকতা দুর করার নির্দেশ দিয়েছি।




