ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি ট্রাককে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক ও চালকের সহযোগী। বুধবার ভোর পাঁচটার দিকে সীতাকুণ্ডের ফকিরহাটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কাভার্ড ভ্যান চালক মো. বাচ্চু (২৬) ও সহযোগী আলী আজগর (২৩)। তাদের দুজনের গ্রামের বাড়ি ভোলার বড় মাণিকা গ্রামে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। তাদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।



