চারদিন ধরে ‘নিখোঁজ’ ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে নিখোঁজ হন তিনি। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুড়িগঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় ঘাটে রাখে। পরে হাসান খালেদের ভাই এসে লাশটি সনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে নদীতে ফেলে দেয়া হয়।
তিনি আরও জানান, ধানমন্ডি থানার ওসে খবর দেয়া হয়েছে। সেখানে যেহেতু জিডি করা হয়েছিল। তাই তিনি ঘটনাস্থলে আসলে মামলা দায়ের করা হবে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গত শনিবার ওষুধ কিনতে বাসা থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) সভাপতি হাসান খালেদ। হাসান খালেদকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছিলেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় শনিবার রাতে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ব্যবসায়ী নেতার শ্যালক শরীফুল আলম। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রফতানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত। রাজধানীর নিউ ইস্কাটনের হাসান হোল্ডিংয়ের আট তলায় তার অফিস। এছাড়া ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠনে উদ্যোক্তাদের মধ্যেও একজন তিনি। হাসান খালেদ বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেটর হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।




