গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় ইন্ধনদাতাদের তথ্য সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার। ২৪ জুলাই দুপুরে ডিএমপি সদর দফতরে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, গুলশানের ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। গোয়েন্দারা রাতদিন কাজ করছে।
তিনি বলেন, যারা বারবার হামলার গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্তে এখনো যা পেয়েছি হোমগ্রোন্ড জঙ্গিরা গুলশান হামলায় জড়িত। নিকট অতীতে যারা বিভিন্ন সময় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে তাদের রুট এক। কমিশনার বলেন, এরা ধর্মের খণ্ডিত ব্যাখা দিয়ে তরুণদের জঙ্গিতে যুক্ত করছে। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের সঠিক তথ্য পুলিশকে না দিলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।




