রাজধানীর উত্তরবাড্ডার প্রিমিয়াম প্লাজায় লাগা আগুন দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার্স সার্ভিস কর্মীদের আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন মহানগর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) মোজাম্মেল হক। তিনি বলেন, আগুন লাগার সঙ্গে-সঙ্গে ভবনের লোকজন ছাদের ওপরে চলে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের ছাদ থেকে নিচে নামিয়ে আনেন। এর আগে ২৮ জুন দিবাগত রাত ৩টার দিকে ১৪ তলা ভবনটির একটি শো রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২৩টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান মোজাম্মেল হক। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।



