রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯ জুন বিকেলে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা এবং দেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা, উন্নয়নবিরোধী অপতৎপরতা ও চক্রান্তের প্রতিবাদে’ এ কর্মসূচি ডাকা হয়েছে। কর্মসূচি ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগীয়, জেলা-উপজেলা সদরে একযোগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ মানববন্ধন রাজধানীর গাবতলী থেকে ধানমন্ডি রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, সোনারগাঁও মোড়, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ইত্তেফাক মোড়, যাত্রাবাড়ী হয়ে ডেমরা পর্যন্ত পালিত হবে। বিশাল এ এলাকাকে ১৭ ভাগে ভাগ করে কর্মসূচির রুটও চূড়ান্ত করা হয়েছে। কোন থানা বা ওয়ার্ডের নেতারা কোন রুটে দাঁড়াবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের ঢাকা মহানগরের প্রতিটি থানা, ওয়ার্ড এবং পার্শ্ববর্তী ইউনিয়ন নেতা-কর্মী-সমর্থকসহ বিভিন্ন শেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।



