বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআসলাম চৌধুরীর সাতদিনের রিমান্ড মঞ্জুর

আসলাম চৌধুরীর সাতদিনের রিমান্ড মঞ্জুর

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৩১ মে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত।  আদালতে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলাটিতে দশদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে শুনানি করেন আসলাম চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত ২৪ মে ৫৪ ধারার (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) মামলায় সাতদিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া দু’টি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি।

সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহে রাষ্ট্রদ্রোহের মামলায় বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহিভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন। যার কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে আসামিরা সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন যা দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদিকে নাশকতার অপর দুই মামলায় আসলাম চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে আগামী ৬ জুন।

আরও পড়ুন

সর্বশেষ