বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়া নগরীতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন ফোরাম’-এ অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে যাওয়ার পথে লন্ডনের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন। সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। বিকাল ৪টা ১৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ফ্লাইটটির। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ফোরামে অংশ নেয়া ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে। বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়কমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। হোটেল মারিনেলা সোফিয়াতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিকালে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সফরকালে শেখ হাসিনা বুলগেরিয়ার রাষ্ট্রপতি রোজেন প্লেনিলিয়েভ’র সঙ্গে রাষ্ট্রপতির প্রাসাদে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০ মে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা যৌথ বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মে সকাল ৬টা ৩০ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ