দেশের অন্যান্য জেলার ন্যায় চট্টগ্রামেও শনিবার ১০ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিপিএসএ) অন্তর্ভূক্ত শিক্ষার্থীরা। কর্মসূচির মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সিভিল সার্জন কার্যালয় ঘেরাও। শনিবার দুপুরে এসব কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেয় সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীসহ চট্টগ্রামের সকল বেসরকারী মেডিক্যাল টেকনোলজী ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ স্বাধীনতা মেডিক্যাল টেকনোলজীস্ট পরিষদ (স্বামেপ)ও বেকার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
‘এক শিক্ষা দুই নীতি চলবে না চলবে না, চলবে না’ এই প্রতিপাদ্যকে নিয়ে কর্মসূচিতে বক্তব্য দেন, বিএসটিপিএসএ’র মো. সুমন মির্জা, খন্দকার ইকবাল হোসেন, ইয়াছিন আরাফাত, তন্ময় দেব, সাব্বির আহমেদ, তাসলিম উদ্দিন রোমেন, ফরহাদুল আলম, ইমরান হোসেন, সাইফুল ইসলাম, অরক চাকমা, সলীল চাকমা, সামাউন রফিকা মুক্তা, সুস্মিতা নন্দী, সাদিয়া ইমরোজ অন্তু প্রমুখ। কর্মসূচিতে বক্তারা দাবি মানা না হলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন এবং পেশাজীবি সংগঠনের বক্তারা কর্মবিরতি দেওয়ার হুশিয়ারী দেন।




