মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির আর নেই

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির আর নেই

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ২ মে সকাল ৯টা ২৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে ১ মে দিনগত গভীর রাতে মমেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন মুজিবুর রহমান ফকির।

এ ইউনিটের প্রধান অধ্যাপক এম. সাইফুল বারীর তত্ত্বাবধানে ছিলেন তিনি। এ বিশেষজ্ঞ চিকিৎসক জানান, ২ মে সকাল ৭টার দিকে তার বুকের ব্যথা ও শ্বাসকষ্ট বাড়ে। সকাল ৯টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। অধ্যাপক সাইফুল বারী আরও জানান, মুজিবুর রহমান ফকির দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। এর আগেও একবার তার স্ট্রোক হয়েছিলো। তার হার্টে বাইপাস সার্জারি করা ছিলো।

মরহুমের ব্যক্তিগত সহকারী শাহাবুল আলম জানিয়েছেন, সোমবার বাদ জোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় গৌরীপুরে ও পরে কলতাপাড়ায়ও তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত করা হবে।

বর্ষীয়ান এ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন- গৌরীপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হকসহ অনেকেই।

মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল হক খোকা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে ময়মনসিংয়ের গৌরিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফফিরের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো আর বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন পরিক্ষীত নেতাকে। গৌরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই প্রবীন নেতার অবদান গৌরিপুর তথা ময়মনসিংহবাসী আজীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

সর্বশেষ