প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর গাবতলীতে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে শুরু করেছে। তবে দাবি আদায় না হলে ৩ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য এ টার্মিনালে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের একাংশ। ১ এপ্রিল সকাল ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টা বন্ধ থাকার পর এখান থেকে বাস ছেড়ে যেতে শুরু করে। রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, কিছুদিন আগে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এতে নতুন একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরে এ কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। ফলে দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তিনি বলেন, ভিন্ন কমিটি গঠন করায় নির্বাচিত কমিটির নেতাকর্মীরা শুক্রবার সকালে বাস টার্মিনালে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এরপরই এখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ জসিমউদ্দিন বলেন, অন্যায়ভাবে নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ২ এপ্রিল এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হবে। আর নির্বাচিত কমিটি মেনে না নিলে রোববার থেকে ৭২ ঘণ্টার জন্য গাবতলী টার্মিনালে বাস চলাচল বন্ধ রাখা হবে। নির্বাচিত কমিটির সহ-সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম বলেন, দু’মাস আগে কমিটির নির্বাচন হয়। এ নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হই। কিন্তু এ কমিটিকে মেনে না নিয়ে ভিন্ন একটি কমিটি গঠন করা হয়। যাদের নিয়ে কমিটি গঠিত হয়েছে, তারা নির্বাচনে অংশই নেয়নি।




