প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নির্মিত বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার উপকূলবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করবে। ১২ জানুযারি দুপুর সোয়া একটায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার আমতলীতে স্কুল কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি এই এলাকা থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন বলে বরগুনাবাসীকে ধন্যবাদ জানান। সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ ও তার সফর সঙ্গীসহ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মাদ আলীকেও ধন্যবাদ জানান তিনি। দুর্যোগ কবলিত এলাকার মানুষকে সহযোগিতার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ফায়েল খায়ের প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন অর্থনীতি সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাউদ্দিন। তার বক্তব্যের পরই সৌদি যুবরাজ ও আইডিবি প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব নির্মিত ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের ফলক উম্মোচন করা হয়।



