সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে

সরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে নীল নকশার ষড়যন্ত্র চলছে। সরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে। এ নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘পৌর নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই সভার আয়োজন করে অল কমিউনিটি ফোরাম। আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন। বল প্রয়োগ করে নির্বাচন হতে দেয়া যাবে না। পৌর নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসনের ডাকে সরকারের আগে ইসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। হাফিজ উদ্দিন বলেন, জনগণ যদি ভোটকেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দিতে না পারে তাহলে নির্বাচনের ব্যবস্থা করে কী লাভ? বিএনপির প্রার্থীরা মাঠে নামতে পারছে না। হামলা-মামলা করে নেতাকর্মীদের কারাগারে নেওয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। একজন কাউন্সিলরের মাকে অন্য কাউন্সিলর মেরে ফেলেছে। এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? তারা কী করে? তিনি বলেন, সরকার কেন উদার হতে পারে না? পৌর নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হয় না। গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন করবে সরকার, এটাই আমাদের প্রত্যাশা।
আরও পড়ুন

সর্বশেষ