শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবির নেতাসহ গুলিবিদ্ধ ৩

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবির নেতাসহ গুলিবিদ্ধ ৩

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলা ছাত্রশিবিরের দুই নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন এক জামায়াত নেতা। গত বুধবার র‍্যাব দুই ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জামায়াত নেতার নাম সুজাউল ইসলাম। তিনি ইউনিয়ন পর্যায়ের নেতা বলে জামায়াত সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ তিনজন হলেন ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী (২৮), সেক্রেটারি ওমর আলী (২২) ও আলামিন। তাঁদের মধ্যে আলামিনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তাঁরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া দুই ছাত্রশিবির নেতার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার আওলায় গ্রামে আজ ভোররাতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই ছাত্রশিবির নেতা ও আলামিন নামের আরও একজনের হাঁটুতে গুলি লাগে। সন্ত্রাসীদের গুলিতেই তাঁরা গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে শাটার গান, চারটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ