ফ্রিডম পার্টির নেতা ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক আসামি কাবিল সরকারকে খালাস দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে বুধবার এ রায় দেন। গত ১৯৯৬ সালে ওই ফ্রিডম পার্টির নেতাকে গুলি করে হত্যার অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়েছিল। এরপর ২০০৭ সালে হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জোসেফের করা আপিলে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগে জোসেফের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব আলী ও এ এম আমিন উদ্দিন।



