শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েস্যাটেলাইট টেলিভিশনের ক্রমিক নম্বর ঠিক করবে সরকার

স্যাটেলাইট টেলিভিশনের ক্রমিক নম্বর ঠিক করবে সরকার

রিমোট কন্ট্রোলে স্যাটেলাইট টেলিভিশনের ক্রমিক নম্বর ঠিক করতে কেবল অপারেটরদের নির্দেশনা দেবে সরকার। এক্ষেত্রে যে টিভি চ্যানেলটি সবার আগে সম্প্রচারে এসেছে, সেটি থাকবে এক নম্বরে। এভাবে প্রতিষ্ঠার ক্রম অনুযায়ী চ্যানেলগুলোর সিরিয়াল নির্ধারিত হবে। বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশে চ্যানেলগুলোর ক্রম ঠিকমত নেই, বিদেশি চ্যানেল আগে দেখায়। দেশের কোনো কোনো চ্যানেল আগে, আবার আগে প্রতিষ্ঠিত অনেক চ্যানেলই পরে আসে, এটা ঠিক না। আমরা সিরিয়াল ঠিক করে দেব। বর্তমানে কেবল অপারেটররা চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে তাদের ইচ্ছেমত ক্রম নির্ধারণ করে সম্প্রচার করছেন। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী বছরখানেক ধরে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে এক নম্বরে রাখছেন। বাণিজ্য মন্ত্রী বলেন, যে চ্যানেল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় অনুযায়ী তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলের সিরিয়াল ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে। আমরা তা কেবল অপারেটরদের জানাব। তাদের এই সিদ্ধান্ত মানতে হবে। এই নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদেশি চ্যানেল পরে প্রদর্শিত হবে। অনেক কেবল অপারেটর এটা মানে না, যা দুঃখজনক।’ কেবল অপারেটরদের পাইরেটেড চলচ্চিত্র না দেখানোরও আহ্বান জানান ইনু। তিনি বলেন, ‘কোনোভাবেই চুরি করা চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।’ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে বর্তমানে ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত; সম্প্রচারে আছে ২৪টি।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ