পদ্মাসেতু প্রকল্প এলাকায় বৈঠকে বসেছে সচিব কমিটি। সচিব কমিটির সদস্যরা ছাড়াও প্রায় অর্ধ শতাধিক সচিব এ বৈঠকে অংশ নিয়েছেন। সচিব কমিটির বৈঠক সচিবালয়ে বসলেও পদ্মাসেতুর গুরুত্ব বিবেচনায় এই প্রথমবারের মতো সচিবালয়ের বাইরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া ১ এর অফিস বিল্ডিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সূচনা বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু হয়। এরপর ৯টা ৫৫ মিনিটে পদ্মাসেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যের পর ১০টা ১৫ মিনিটে ১৫ মিনিটের উন্মুক্ত আলোচনা শুরু হয়। উন্মুক্ত আলোচনা শেষে ১০টা ৩৫ মিনিটে সচিব কমিটির মূল বৈঠক শুরু হয়। এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে পদ্মাসেতু প্রকল্প এলকায় পৌঁছান সচিবরা।



