সীতাকুণ্ড উপজেলার শীতলপুরের কেশবপুর এলাকায় একটি বেসরকারি কনটেইনার ডিপো পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৭টা থেকে বেলা বারটা পর্যন্ত বিএম কনটেইনার ডিপোর সামনে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখে তারা। এসময় কনটেইনারবাহী কোন গাড়ি ও শ্রমিক ঢুকতে না দেওয়ায় ডিপোটিতে কন্টেইনারে পণ্যবোঝাই ও খালাস বন্ধ ছিল। বিএম কনটেইনার ডিপোর প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল(অব.) জিয়াউল হায়দার বলেন, স্থানীয় ক্যাডাররা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার সকাল থেকে তারা ডিপোর সামনে অবস্থান নিয়ে পণ্যবোঝাই ও খালাস কার্যক্রম বন্ধ করে দেয়।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, স্থানীয় ছাত্রলীগের ছেলেরা কনটেইনার ডিপোতে ঠিকাদারির কাজ চেয়েছিল। তাদেরকে কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিল ডিপো কর্তৃপক্ষ। কাজ দিতে গড়িমসি করায় শুক্রবার সকাল থেকে তারা ডিপোর সামনে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেয়। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বেলা বারটার দিকে অবরোধ তুলে নেয় তারা।




