বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে চিন্তাভাবনা চলছে

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে চিন্তাভাবনা চলছে

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।  তবে একটু সময় লাগতে পারে বলে জানান তিনি। বুধবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ ছিল। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয় সিলেট, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন বিভাগে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি উঠেছে।  সরকার প্রধানও আমাকে বিষয়টি সিরিয়াসলি চিন্তা করতে বলেছেন।  সার্কিট বেঞ্চ নিয়ে এখন হ্যাঁ বা না কোনটাই বলতে চাই না।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে আমি অযথা কোন কথা বলব না।  হাততালি পাওয়ার জন্যও কোন ঘোষণা দিতে চাই না। প্রধান বিচারপতি হিসেবে সব সিদ্ধান্ত আমি নেই না। সরকার প্রধান ও আইনজীবীদের অনুভূতি বিবেচনা করে সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে একটি সিদ্ধান্ত নেবো।  তবে কিছু সময় লাগতে পারে।  এ ব্যাপারে আমি খুব আন্তরিক। এর আগে সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালতে পৌঁছান প্রধান বিচারপতি। এরপর তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও মহানগর জজশিপের অধীন বিভিন্ন আদালতের কার্যক্রম ঘুরে দেখেন। দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে চলতি বছরের ১৭ জানুয়ারি শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত চট্টগ্রামে আসেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন

সর্বশেষ