সমস্যা নিরসনের পরিপ্রেক্ষিতে রাজশাহী-নাটোর-বরিশাল রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। ফরিদপুর বাস মালিক সমিতির নেতারা মোবাইল ফোনে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সোমবার সকালে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গতকার রোববার রাতে রাজশাহী-নাটোর-বরিশাল রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। বাস চলাচল বন্ধের ঘোষণা অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে ফরিদপুর বাস-মিনিবাস মালিক সমিতির টনক নড়ে। পরে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মোবাইল ফোনে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয় ও সকাল থেকে বাস চলাচল শুরু করে। নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার বিরোধ নিষ্পত্তি ও বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হওয়ায় সকাল থেকেই নাটোর এবং রাজশাহী থেকে বরিশালগামী বাস চলাচল স্বাভাবিক আছে।



