নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, আগামী ৬ সেপ্টেম্বর আব্দুল লতিফ সিদ্দিকীর এমপি পদ নিয়ে বিতর্কের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিনই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার শুনানি শেষে ইসি সচিবালয়ের নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য থাকা না থাকা নিয়ে শুনানি করেছি। তিনি পদত্যাগ করে তার সমস্যার সমাধান করবেন এবং এজন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন। এজন্য তিনি সময় চেয়ে আবেদনও করেছেন। তার শুনানি মুলতবির আবেদন গ্রহণ ও মঞ্জুর করে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন শুনানিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময়ের মধ্যে পদত্যাগ করলে কি হবে এমন প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, এর মধ্যে তিনি যদি পদত্যাগ করেন, তা নির্দিষ্ট মতে নির্দিষ্ট আইন মেনে নির্দিষ্ট ব্যক্তির কাছেই করতে হবে। পদত্যাগের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসলে আমরা ৬ সেপ্টেম্বরই সিদ্ধান্ত নেবো।
এর আগে শুনানি থেকে বের হয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তার নেতা চান না বলেই তিনি এমপি পদ নিয়ে আর বাড়াবাড়ি করতে চান না। দলের প্রতি, নেতার প্রতি আস্থা ও আনুগত্যের অংশ হিসেবে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। হজ নিয়ে বিরুপ মন্তব্য করায় দলীয় পদ থেকে বহিস্কার হন টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের এই সদস্য। এরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্পিকারকে লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে চিঠি দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এতে লতিফ সিদ্দিকীর এমপি পদ থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত চাওয়া হয়। সে মোতাবেক বিরোধটি নিষ্পত্তির প্রক্রিয়া হাতে নেয় ইসি।




