ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডরেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এফবিআই ওয়াশিংটনের দু’জন ও বাংলাদেশের এক প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের গোয়েন্দা পুলিশের (পূর্ব জোন) উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম এ তথ্য জানান।
তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত বিষয়ে আজ পূর্ব নির্ধারিত বৈঠক ছিলো। এই বৈঠকেই তারা (এফবিআই কর্মকর্তারা) নিলয় হত্যাকাণ্ড সম্পর্কেও জানতে চেয়েছেন এবং এই মামলার তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। ‘আমরাও কোন কোন বিষয়ে এফবিআই-এর সহযোগিতা নিতে পারি সেগুলো চিহ্নিত করেছি। মামলা চলাকালে সাহায্যের প্রয়োজন হলে তাদের কাছ থেকে কারিগরি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এখনও অভিজিৎ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করতে পারিনি এটা সত্য। কিন্তু ওয়াশেকুর রহমান বাবু হত্যা মামলার কার্যক্রম অনেকখানি এগিয়েছে। অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে জানিয়ে ডিসি মাহবুব আলম বলেন, আশা করছি খুব তাড়াতাড়ি এসব ঘটনার রহস্য উৎঘাটন করতে সক্ষম হবো। নিলয় হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পাওয়া সব আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। ‘এফবিআই-এর কাছ থেকে তদন্ত কাজে আমরা উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছি।’
হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি সংগঠন বিভিন্ন সংবাদমাধ্যমে হত্যার দায় স্বীকার করে গ্রেসরিলিজ পাঠিয়েছে। কিন্তু নিত্য নতুন এসব সংগঠনের আসলে অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।




