রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাঙালির চিরায়ত পরিচয়কে সমুন্নত রাখতে মৎস্য খাত সংশ্লিষ্ট সকলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাঙালির চিরায়ত পরিচয়কে সমুন্নত রাখতে মৎস্য খাত সংশ্লিষ্ট সকলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মাছে ভাতে বাঙালির চিরায়ত পরিচয়কে সমুন্নত রাখতে মৎস্য খাত সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যান্য খাতের ন্যায় মৎস্য খাতকেও লুটপাট আর দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলো বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকার। প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আমরা ২০০৯ সালে সরকার গঠন করি। তখন বিএনপি-জামাত জোট আর তত্ত্বাবধায়ক সরকার অন্যান্য খাতের ন্যায় মৎস্য খাতকেও লুটপাট আর দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আমরা বিএনপি-জামাত আর তত্ত্বাবধায়ক সরকারের রেখে যাওয়া অচলাবস্থা কাটিয়ে তুলে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। নতুন জলমহাল নীতিমালা, মৎস্য হ্যাচারি আইন ও বিধিমালা, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়। আমরা জাতীয় চিংড়ি নীতিমালা ২০১৪ প্রণয়ন করি। প্রকৃত চিংড়িচাষিদের সহায়তার জন্য ঘের প্রাপ্তি, চিংড়ি প্লট নবায়ন এবং ইজারা নীতিমালা প্রণয়ন করা হয়।

তিনি আরও বলেন, প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, মাছের আবাসস্থল উন্নয়ন, অভয়াশ্রম স্থাপন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর মৎস্যচাষ ব্যবস্থাপনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০১৩-২০১৪ অর্থবছরে ৩৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে যা পূর্বে ছিল ২৭ লাখ মেট্রিক টন।

 প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের (মৎস্য খাত সংশ্লিষ্ট) আন্তরিক কর্ম প্রচেষ্টায় আমরা সফলতার সাথে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করে যাচ্ছি। এজন্য দেশের সকল মৎসজীবী ও মৎস্য খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজ প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্য সম্পদের সাথে সম্পর্কিত। ১৩ লাখেরও বেশি মানুষের সার্বক্ষণিক পেশা মৎস্য আহরণ। জিডিপিতে মৎস্যসম্পদের অবদান ৪ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে প্রায় ২২.৬০ শতাংশ। প্রাণিজ আমিষের ৬০ ভাগ যোগান দেয় দেশের মৎস্য খাত। দেশের মৎস্যখাতের প্রতিটি সদস্য এ উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। আমার প্রত্যাশা, আপনারা ‘মাছে ভাতে বাঙালি’র চিরায়ত পরিচয়কে সমুন্নত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করে যাবেন। দুপুর সাড়ে বারোটায় বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ