সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকেউ অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না বলে ছাত্রলীগকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

কেউ অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না বলে ছাত্রলীগকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

কেউ অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না বলে ছাত্রলীগকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে ভালবাসার পরামর্শ দিয়ে ছাত্রনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল, সেটাও আবার ফিরিয়ে আনতে হবে।

নবনির্বাচিত ছাত্রলীগ নেতাদের প্রধানমন্ত্রী বলেন, অতীতে নেতাকর্মীরা যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা দিয়ে চলতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ অক্ষুন্ন রাখতে হবে। ভোগের বদলে ত্যাগের মহীমায় নিজেদের তৈরি করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মধ্যে থেকেই উঠে আসবে আগামী দিনের নেতৃত্ব, যারা রাষ্ট্র পরিচালনা করবে। ভোগ নয়, ত্যাগের মধ্য দিয়েই নিজেদের তৈরি করতে হবে। তাহলে একজন সত্যিকার দেশপ্রেমিক, রাজনীতিবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের অল্প বয়স থেকেই নিজেদের তৈরি করতে হবে। নিজে কি পেলাম, না পেলাম সেটা বড় কথা নয়। দেশকে কি দিতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম সেটাই বড় কথা। সংগঠনকে আরও শক্তিশালী করতে ছাত্রলীগ নেতাদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংগঠন ছাড়া আসলে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আদর্শের ভিত্তিতে সংগঠন যত শক্তিশালী হবে, ততই দেশের উন্নতি করা সম্ভব হবে। আদর্শের প্রতি সৎ থেকে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়ারও পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবসময় এদেশের মানুষকে ভালোবেসেছেন এবং অতিরিক্ত ভালোবেসেছেন এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে তিনি একমাত্র নেতা যিনি সংগঠন করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তিসহ বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা যদি ভোগের রাজনীতি করতাম তাহলে এটা সম্ভব হতো না। কারণ রাজনীতিটা আমাদের কাছে দেশ সেবা করার সুযোগ।

তিনি বলেন, আমরা একটা আদর্শ নিয়ে চলি। আদর্শ ও নীতি ছাড়া কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না। লোভ, লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে জনগণের সেবা করতে হবে। এটাই জাতির পিতার আদর্শ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ