মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেছেন। গত তিন (এপ্রিল-জুন) মাসে সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি ৬৪ দশমিক ৭১ শতাংশ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে চলতি বছরের দ্বিতীয় ত্রৈ-মাসিকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, মন্ত্রিসভা যেসব সিদ্ধান্ত নেয় তা বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করতে হয়। গত বছরের দ্বিতীয় ত্রৈ-মাসিকের চেয়ে এ বছর ত্রৈ-মাসিকের সিদ্ধান্ত বাস্তবায়ন বেশি ভালো। এতে সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বছর মন্ত্রিসভার বৈঠক হয়েছে ১৩টি। এই সময়ে ৬৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়ন হয়েছে ৪৪টি। এই সময়ে সংসদে আইন পাস হয়েছে ৩টি। কোনো অধ্যাদেশ জারি হয়নি। নীতি বা কর্মকৌশল অনুমোদন হয়েছে ২টি। চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদন হয়েছে ৯টি। সার সংক্ষেপ উপস্থাপন করা হয়েছে ৫২টি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত সব সময়ই দীর্ঘ মেয়াদি হয়। তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিষয় নয়। তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত সাধারণত মন্ত্রিসভায় আসে না। সরকারের নীতি ও কর্মকৌশল মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। যতো বেশি সময় যাবে সিদ্ধান্ত বাস্তবায়নের হার তত বেশি হবে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। ২০১৪ সালের দ্বিতীয় ত্রৈ-মাসিকে (এপ্রিল-জুন) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৫৯টি। ত্রৈ-মাসিক বাস্তবায়ন ৩৩টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ। বর্তমান ত্রৈ-মাসিকে সিদ্ধান্ত নেওয়া হয় ৬৮টি। বাস্তবায়ন ৪৪টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ।




