সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

স্কোর: দ. আফ্রিকা – ২৪৮ ও ৬১/০
বাংলাদেশ – ৩২৬

বৃষ্টিতে ভেসে গেল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ায়নি। সকাল থেকে ভারী বর্ষণের কারণে প্রচুর পানি জমে যাওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত দিনের খেলাই পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকলে শেষদিনের খেলা যথাসময়ে হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৭ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। দুই প্রোটিয়া ওপেনার স্টিয়ান ভ্যান জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন।

ভোর থেকে চট্টগ্রামে প্রবল বর্ষণের কারণে মাঠে পানি জমে যায়। তাই নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাতে হালকা বৃষ্টি হলেও শুক্রবার  ভোর থেকে তা প্রবল হয়। সকালে কিছুটা কমলেও এখনও তা অব্যাহত রয়েছে। আগের দিন ২১.১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। অধিনায়ক মুশফিকুর রহিম ছয়জন বোলার ব্যবহার করেও সফলতার মুখ দেখেননি। এর আগে আকাশে মেঘ জমে আলো স্বল্পতা দেখা দিলে প্রায় ২৫ ওভারের মতো বাকী থাকতেই বিকেল ৪টা ২০ মিনিটে তৃতীয় দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

প্রথম ইনিংসে দ. আফ্রিকার করা ২৪৮ রানের জবাবে ১১৬.১ ওভার ব্যাট করে ৩২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে করে প্রোটিয়াদের চেয়ে ৭৮ রান এগিয়ে থাকে স্বাগতিকরা। টাইগারদের হয়ে অর্ধশতক হাঁকান তামিম ইকবাল (৫৭), মাহামুদুল্লাহ রিয়াদ (৬৭) এবং লিটন দাশ (৫০)। ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৮ রান।

চট্টগ্রাম টেস্টের মধ্য দিয়ে দ. আফ্রিকার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো লিড নেওয়া বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২৫৯ রান। ২০০৮ সালে চট্টগ্রামেই টেস্টে এক ইনিংসে দলীয় এ স্কোর গড়ে টাইগাররা। সে ম্যাচে সফরকারী দল ইনিংস ও ২০৫ রানের জয় পায়।

শুধু ইনিংসে সর্বোচ্চ রানই নয়, প্রোটিয়াদের বিপক্ষে এবারই প্রথম এক ইনিংসে একশ ওভারের বেশি ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। এর আগে ২০০২ সালে ৮৭.৫ ওভার ব্যাটিং ২৫২ রান  তুলতে পেরেছিল টাইগাররা। তৃতীয় দিন চার উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মুশফিক ১২ রান যোগ করে ব্যক্তিগত ২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। আর টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক থেকে তিন রান দূরে থাকতে বিদায় নেন সাকিব আল হাসান। তার আগে লিটন দাশকে সঙ্গে নিয়ে ৮২ রানের জুটি গড়েন সাকিব। এটি প্রোটিয়াদের বিপক্ষে ষষ্ঠ উইকেটে জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ