সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশার চালক ও ৪ যাত্রীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে ওই অটোরিকশাটি উল্লাপাড়া থেকে হাটিকুমরুল গোলচত্বর যাচ্ছিল। পথে একটি ট্রাককে অতিক্রম করতে গেলে পেছন থেকে আসা নবীন বরণ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ৪০/৫০ হাত দূরে ছিটকে পড়লে চালক ও ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম (৪০), একই থানার রানীনগর তেলকুপি গ্রামের মৃত সোমেদ মোল্লার ছেলে আমজাদ হোসেন মাস্টার (৫০), একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম মাস্টার (৫০) ও দাদনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে চালক বকুল (২২)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমদাদুল হক জানান, ওই বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



