কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের গুলিতে নিহত বহুল আলোচিত বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায় হয়েছে। ৩ দিন শুনানি শেষে পুনর্বিচারের রায়েও মামলার আসামি অমিয় ঘোষকে পুনরায় নির্দোষ ঘোষণা করেছে আদালত। ০২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের কোচবিহারে বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সে আগের দেওয়া রায় বহাল রাখা হয়। তবে ফেলানীর পরিবারের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এরআগে গত ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর একই আদালত অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ উল্লেখ করে রায় দিয়েছিল। ফেলানী হত্যা মামলায় বাংলাদেশ পক্ষের আইনজীবী ও কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গভীর রাতেও রায় হলেও তাদের বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।



