জঙ্গি সংগঠন আল কায়দা বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টাসহ ১২ জঙ্গিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই ও বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতদের মধ্যে প্রধান সমন্বয়করী মওলানা মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা মুফতি জাফর আমিন রয়েছেন। তারা বাংলাদেশে দক্ষিণ এশিয়া ভিত্তিক আল কায়দার কার্যক্রম চালিয়ে আসছিলো। তবে তাৎক্ষণিক ভাবে আটক সবার নাম জানা যায়নি। এ বিষয়ে দুপুর ১২টায় র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



