দেশব্যাপী গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার এবং ২ হাজার ৩৩৮ পিস ইয়াবা, ২৮৮ ক্যান বিয়ার, ৩৬ গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, চার বোতল ম্যাক্স ডুয়েল হুইস্কি ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৩৬০ টাকা জব্দ করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইসঙ্গে অপহৃত এক নারীকেও উদ্ধার করেছে এলিট ফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানের কথা শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব সদরদফতর।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে আমানউল্লাহ নামে এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে অপহৃত ফাতেমা আক্তার রুমা (২৭) নামে এক গৃহবধূকে উদ্ধার করে ৠাব ১১। এ ঘটনায় অভিযুক্ত আমানউল্লাহকেও আটক করা হয়। ওই গৃহবধূকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, দুপুরে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে সেলিম (৪৩) ও মনির (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও ২৮৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। এদিন রাত ২টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে ভিপি সোহেল (৩৬) নামে নারায়ণগঞ্জের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে র্যাব-১১। দুপুরে কক্সবাজার বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ থেকে মো. ফিরোজ আলম নামে এক ব্যক্তিকে ৯২০ পিস ইয়াবাসহ আটক করে র্যাব র্যাব-৭। তার কাছ থেকে জব্দ ওই ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৮ হাজার টাকা।
প্রায় একই সময়ে বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন লঞ্চ ঘাটে গাড়ি পার্কিংস্থলে অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলম মাতবর (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৮। অন্যদিকে, একইসময়ে জেলার উজিরপুর থানার জয়শ্রী গ্রামে অভিযান চালিয়ে নিতিশ দেবনাথ (৩২) নামে এক ব্যক্তিকে ১৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
দুপুরে মুন্সীগঞ্জের নয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে হাজী মো. আলাউদ্দিন (৫০), জুয়েল (৩০) ও আবদুল হালিম (৫০) নামে তিন ব্যক্তিকে আটক করে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২১ বস্তা কারেন্ট জাল তৈরির উপকরণ জব্দ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী এদিন সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ার চিরিংগা এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য এম জুলফিকার আলী ভুট্টো (৩২) ও মুক্তার আহম্মেদ ভুলু (৩৩) নামে দু’জন আটক করে র্যাব-৭।
রাত সোয়া ৮টার দিকে নোয়াখালীর চর জুবলী এলাকায় অভিযান চালিয়ে আমির হেসেন বাহাদুর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৮৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ অভিযান চালায় র্যাব-১১। রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দৌলতপুরেও অভিযান চালায় র্যাব-১১। সেখান থেকে তারা ৯০০ পিস ইয়াবা, ৪ বোতল ম্যাক্স ডুয়েল হুইস্কি এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ ঝরনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করে।




