মাগুরা শহরের দরিমাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট দাখিল মাদ্রাসা ও এতিমখানা থেকে ৩৫টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার দিনগত রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শহরের দরি মাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট দাখিল মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালায়। এ সময় ট্রাস্টের একটি টিন শেড ঘর থেকে দু’টি ব্যাগ থেকে ৩৫টি তাজা হাত বোম উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মাগুরার পুলিশ সুপার একেএম এহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য জামায়াতের কর্মীরা বোমাগুলো ওই ঘরে লুকিয়ে রেখেছিল বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।




