সিঙ্গাপুরে পাচারে সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ হাজার সৌদি রিয়ালসহ আবু মুসা (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমনের চার নম্বর গেট থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আবু মুসা সিঙ্গাপুরের যাওয়ার জন্য চার নম্বর গেটে লাগেজ চেকিংয়ে দেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজ থেকে ৬০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ১২ লাখ) উদ্ধার করা হয়। এগুলো সিঙ্গাপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মুসা বাংলাদেশের মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তানজিনা।



