বিকেলের মধ্যেই নির্মাণাধীন ভবন সংলগ্ন সি আর দত্ত সড়ক খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। ধসে পড়া সড়কে বালি ফেলার কাজ দ্রুতগতিতে শেষ করারও নির্দেশ দেন তিনি। সোমবার সকাল সোয়া ১০টায় কারওয়ান বাজারের হোটেল সুন্দরবন সংলগ্ন নির্মাণাধীন ভবন ধসের স্থান পরিদর্শনে এসে এ নির্দেশ ঢাকা দক্ষিণের মেয়র।
সাইদ খোকন বলেন, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি জনগণের নিরাপত্তার বিষয়ে। এ কারণেই সার্ক ফোয়ারা থেকে পান্থপথমুখী সড়কটি বন্ধ করে দিয়েছিলাম। পরে ঝুকিপূর্ণ অংশ বাদ দিয়ে আবার চালু করে দিয়েছি। সড়কে বালি ফেলার কারণে সি আর দত্ত সড়ক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তাই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে আজ (সোমবার) বিকেলের মধ্যেই সি আর দত্ত সড়কটি চালু করতে। তিনি আরও বলেন, আজ বিকেলেই আমি এসে দেখবো সড়কটি খুলে দেওয়া হয়েছে কি না।
নির্মাণাধীন ওই ভবনের মালিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জয়নুল হক সিকদার দাবি করেন, ভবন নির্মাণে কোনো ত্রুটি ছিলো না, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে এমনটি হয়েছে। এ দাবির বিষয়ে মেয়র বলেন, নির্মাণে অবশ্যই ত্রুটি ছিলো। তা না হলে এমন দুর্ঘটনা ঘটতো না। কারণ আরও স্পষ্ট হতে তদন্ত কমিটি কাজ করছে। দু’এক দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মাম ইমপেক্স ও এম এস কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপার্সের সিইও এম. সালাউদ্দিন বলেন, নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা সড়ক উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি বিকেলের মধ্যে সম্ভব হবে। এ বিষয়ে তেজগাঁও জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) রাজিব দাশ বলেন, বালি সরানো হলেই জনসাধারণের জন্য সড়ক উন্মুক্ত করে দেওয়া হবে।




