গাজীপুরের অ্যাপেক্স কারখানায় নারী শ্রমিকের ছুটি না পেয়ে টয়লেটে সন্তান প্রসব করা সংক্রান্ত মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে দৈনিক প্রথম আলোকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে নারী শ্রমিকের মান-মর্যাদা ক্ষুন্ন করায় তাকে একমাসের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার আদেশ দেন আদালত। অ্যাপেক্স কারখানার পক্ষের আইনজীবী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আদালত স্বপ্রনোদিত হয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে আদালত মঙ্গলবার দু’টি পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত বলেছেন, ভুল খবর প্রকাশের কারণে ওই নারীর মর্যাদাহানি হয়েছে। এর দায় হিসেবে তাকে ১ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন এবং কোম্পানির অনেক ক্ষতি হওয়ায় তারা আইনের আশ্রয় নিতে পারন বলে মত দিয়েছেন আদালত।
দৈনিক প্রথম আলোতে ‘ছুটি না পেয়ে কারখানার টয়লেটে সন্তান প্রসব’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি আমলে নিয়ে গত ১০ মে অ্যাপেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, পরিদর্শক আজিজুর রহমান এবং সুপারভাইজার রতন মিয়াকে তলব করেন একই বেঞ্চ। স্বপ্রণোদিত হয়ে দেওয়া এ আদেশে ২৪ মে সকাল সাড়ে দশটায় এ তিন কর্মকর্তাকে হাজির হয়ে কর্মীকে ছুটি না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পাশাপাশি এ ঘটনা তদন্ত করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। ২৪ মে ওই তিন কর্মকর্তা আদালতে হাজির হওয়ার পর তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইউএনও এর প্রতিবেদন আদালতে উপস্থাপনের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।




