সংসদ গণতন্ত্রের প্রতীক। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)। সমগ্র বিশ্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিপিএ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, সমগ্র বিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং আইনের শাসন ও মানবাধিকারকে নিশ্চিত করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে সিপিএভুক্ত দেশগুলোর পার্লামেন্টকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সমগ্র বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করার প্রয়াসে সংসদীয় রীতি ও পদ্ধতি নিয়ে কাজ করছে সিপিএ। সিপিএভুক্ত ১৮টি দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হওয়া এ সেমিনার চলবে চারদিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি. খুমালো।



