সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হজের নিবন্ধন সময় বাড়ল

হজের নিবন্ধন সময় বাড়ল

হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময় দ্বিতীয় দফায় বাড়ানোর পাশাপাশি খরচও কমানো হয়েছে। হরতাল-অবরোধের কারণে জটিলতা সৃষ্টি হওয়ায় নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি ব্যবস্থাপনায় অনলাইনে নিবন্ধন ফি ৪৮ হাজার ৩৩১ টাকা থেকে কমিয়ে ২৮ হাজার ৭৪ টাকা করা হয়েছে। এক আদেশে ধর্ম মন্ত্রণালয় জানায়, নিবন্ধনের জন্য হজ যাত্রী প্রতি প্লেন ভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ ইতোপূর্বে ঘোষিত ৪৮ হাজার ৩৩১ টাকার পরিবর্তে শুধুমাত্র মোয়াল্লেম ফিসহ অন্যান্য ফি বাবদ ২৮ হাজার ৭৪ টাকা আগামী ১ মার্চের মধ্যে জমা দেওয়া যাবে।

প্রথম দফায় নিবন্ধনের সময় ৫ ফেব্রুয়ারি থাকলেও হরতাল-অবরোধের কারণে তা বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়। অনলাইনে নিবন্ধনের পর হজে যাওয়ার বাকি টাকা আগামী ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে বলেও উল্লেখ করা হয় ওই ‍আদেশে। এজেন্সিওয়ারী কোটা ও দেশের কোটা পূর্ণ হয়ে গেলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজের সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রীদের দুটি প্যাকেজের আওতায় পাঠানো হচ্ছে।

প্যাকেজ-১ এর আওতায় ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর মন্ত্রিসভা হজ প্যাকেজ অনুমোদন করে। সৌদি আরব সরকারের ইলেকট্রনিক্স ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হয়ার কথা রয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ