সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতদের স্বজনরা। এর মধ্যে সোমবার এক রাতেই মৃত্যু হয় দশ শিশুর। মৃত শিশুদের মধ্যে রয়েছে সাড়ে তিন বছর বয়সী তাজরিয়া, দেড় বছর বয়সী সামিয়া, ছয় মাস বয়সী নাদিরা, আড়াই বছরের মাহাদী, তিন বছরের শাপরাজ ও সাত দিনের আকাশ।এছাড়া রয়েছে ছন্দা রানী, আসমা বেগম ও নিলুফার একদিনের নবজাতক এবং ইয়াসমিন বেগমের তিনদিনের নবজাতক। মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমআইএস সেকশনের কর্মকর্তা সাইফুল মালেক খান এ তথ্য নিশ্চত করেন।
তিনি জানান, ১০ শিশুসহ হাসপাতালের বিভিন্ন সেকশনে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রোগে ৩২ জন মারা গেছেন। তবে ভুল চিকিৎসার অভিযোগ, নার্স এবং ডাক্তারের চিকিৎসায় অবহেলার বিষয়টি নাকচ করে দিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। ১০ শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ১০ জনের মধ্যে ৬ জন জন্ম জটিলতার কারণে, ২ জন অপুষ্টিজনিত সংক্রমণে, একজন নিউমোনিয়া রোগে এবং অন্য একজন ঠাণ্ডাজনিত কারণে মারা গেছে। এ ঘটনায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাইল পাটোয়ারীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, শিশু বিভাগের বিভাগীর প্রধান ডা. মনজ্জির আলী এবং আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার রায়। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোথাও কোনো অবহেলা বা ভুল চিকিৎসার প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. আব্দুস সালাম।




