সমবেদনা জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানতেন না বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ২৫ জানুয়ারি রোববার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মওদুদ এ দাবি করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সমবেদনা জানাতে আসছেন এটা ছেলের মৃত্যুতে শোকাহত খালেদা জিয়া জানতেন না। তিনি শনিবার অজ্ঞানের মতো ছিলেন। আমরাও কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য দাবি করেন, দলের জ্যেষ্ঠ নেতাদের মতামত ছাড়াই কার্যালয় আগে থেকে তালাবদ্ধ ছিল। তালাবদ্ধ থাকার ব্যাপারটি জ্যেষ্ঠ নেতারা জানতেন না। এছাড়া, প্রধানমন্ত্রীর সঙ্গে যে সৌজন্যবোধ দেখানো হয়নি, তা সঠিক ছিল না বলেও স্বীকার করেন মওদুদ আহমদ।



