ভারতের সঙ্গে মৈত্রী এক্সপ্রেসের আরও দু’টি ট্রিপ বাড়িয়ে তৃতীয় মৈত্রী ট্রেন উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ট্রেনটি শুক্র, সোম ও বুধবার কলকাতা যাবে। কলকাতা থেকে ঢাকায় আসবে শনি, রোব ও মঙ্গলবার। ০৫ জানুয়ারি সোমবার সকাল ৮টায় ঢাকা সেনানিবাস রেলস্টেশনে তৃতীয় মৈত্রী ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এসময় ফিতা কেটে ও লাল পতাকা উড়িয়ে মন্ত্রী ট্রেনটি চালুর নির্দেশ দেন। ট্রেনটি তখনই কলকাতার উদ্দেশে রওয়ানা দেয়।
এসময় মন্ত্রী জানান, মৈত্রী ট্রেন আগে শুক্র ও বুধবার ঢাকা থেকে কলকাতা যেতো। আর শনি ও মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় আসতো। এখন থেকে ট্রেনটি শুক্র, সোম ও বুধবার কলকাতা যাবে এবং শনি, রোব ও মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় আসবে।
মন্ত্রী আরও জানান, রেলের উন্নয়নে সরকারের ৪১টি প্রকল্প চলমান রয়েছে। দেশের এক নেত্রী আছেন যিনি উন্নয়ন করছেন আর আরেকজন স্বাধীনতা বিরোধীদের নিয়ে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত। মুজিবুল হক বলেন, গত বছরের ৫ জানুয়ারি যেভাবে বিএনপি ব্যর্থ হয়েছিলো তেমনি এবারও ব্যর্থ হবে, আর জয় হবে জনগণের।




