রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় আহত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। রোববার রাত থেকে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দয়াগঞ্জ, মগবাজার, বিমানবন্দর ও জোয়ারসাহারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রোববার সকাল সাড়ে ৯টায় দয়াগঞ্জ ব্রিজ সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। অন্য দুজন সোমবার সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মগবাজার পেয়ারাবাগ রেললাইন, বিমানবন্দর-ক্যান্টনমেন্টের মধ্যবর্তী এলাকায় রেললাইনে কাটা পড়েন। আরেক জন জোয়ার সাহারায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



