রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার জনসভাস্থলে একইসময়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ

খালেদা জিয়ার জনসভাস্থলে একইসময়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ

আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে অনুষ্ঠেয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাস্থলে একইসময়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে কিংবা এজন্য তাকে দল থেকে বহিষ্কার না করলে এ সমাবেশ বাতিল করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনটি। রোববার (২১ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাংলানিউজকে বিক্ষোভ সমাবেশ আহ্বানের কথাটি জানান।

তিনি জানান, বিকেলে দলীয় এক সভায় এই বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আদিম হায়দার আদিম, কেন্দ্রীয় সদস্য জুয়েল মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাউসার শেখ কামাল, হাফিজুর রহমান শ্যামল ও  ফাহিম খন্দকার সহ ছাত্রলীগের শীর্ষ নেতারাসভায় উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক বলেন, তারেক রহমান, বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে এই সমাবেশ আহ্বান করা হয়েছে। ২৭ ডিসেম্বর গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে খালেদা জিয়ার সভার আগে তারেক রহমান ক্ষমা না চাইলে বা বিএনপি থেকে তাকে বহিষ্কার করা না হলে যথাসময় বেলা ২টা থেকে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ শুরু হবে। প্রশাসন অনুমতি না দিলেও এই সমাবেশ হবে বলে জানান দেলোয়ার হোসেন। গাজীপুর জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জেলা ছাত্রলীগের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ২৭ ডিসেম্বর দুপুর থেকে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চেয়েছেন। পুলিশ সুপার আবেদনটি রেখে পরে জানানো হবে বলে জানিয়েছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ