আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, রংপুর সদরের (৩ আসন) সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে বিচার নেই। ছেলে-মেয়েদের কাজ-কর্ম নেই। তারা বিএ/এমএ/এমবিএ পাশ করে ঘুরে বেড়াচ্ছে কোনো চাকরির ব্যবস্থা নেই। ০৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জাপা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশের যুব সমাজ এখন হতাশ। তাই তো তারা মাদক সেবন করে, ইয়াবা খায়। এতে করে দেশের যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু সরকারের সে দিকে খেয়াল নেই। তারা ব্যস্ত কি করে আরো ক্ষমতায় থাকা যাবে। জনসভায় উপস্থিত জনগণের কাছে আগামী নির্বাচনের জন্য আগাম ভোট চেয়ে এরশাদ বলেন, আকুতি জানাই রংপুর সদর আসনে আর একবার আমাকে জয়ী করুন। এ সময় এরশাদ জানান, এটাই তার জীবনের শেষ নির্বাচন। রংপুরের সংসদ সদস্য হয়ে তিনি মৃত্যুবরণ করতে চান।
এ জনসভায় এরশাদ ছাড়াও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় জেহলা জাপার আহ্বায়ক মোফাজ্জল মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তফা প্রমুখ। এরআগে, সভা স্থলে এসে পৌঁছলে এরশাদকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়।




