স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রয়োজনে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হবে। তবে এ মুহূর্তে এর প্রয়োজন নেই। যা কিছু হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে। শনিবার বিকেলে বগুড়া সার্কিট হাউস ছেড়ে খেলার মাঠে যাওয়ার আগ মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকী ভুল করেছে, তার মাশুল তাকে দিতে হবে। কিন্তু যা কিছু হবে আইন অনুযায়ী হবে। দ্রুত লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে ২৬ অক্টোবর সারা দেশে হরতাল ডেকেছে ইসলামী দলগুলো। এ প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কোনো বিশৃঙ্খলা চলবে না। তাছাড়া লতিফ সিদ্দিকীর পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে।
পরে ‘বঙ্গবন্ধু ৩য় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে উপস্থিত হন। উদ্বোধন ঘোষণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা জন্য সবসময় সংশ্লিষ্টদের উৎসাহ দেন এবং বিশ্ব দরবারে খেলাধুলাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কিছুই করছেন। তাই শিগগিরই বগুড়ায় ফুটবল ষ্টেডিয়াম নির্মাণ করা হবে। খেলায় দিনাজপুর জেলা দলকে ১-০ গোলে হারায় বগুড়া সবুজ সংঘ।
এর আগে দুপুর ২টার দিকে বগুড়া পর্যটন মোটেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান খান। সেখানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী ছাড়াও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. খুরশীদ হোসেন, বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএমসহ প্রশাসন ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




