হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়। কাস্টমস সূত্রে জানা যায়, দুবাই থেকে ছেড়ে আসা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবতরণের পর আটক ব্যক্তি গ্রিন চ্যানেল দিয়ে তার মালামালসহ পার হচ্ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে রাইস কুকারের ভেতর ৩ কেজি ৪০০ গ্রামেরও বেশি ওজনের স্বর্ণ খুঁজে পায় নিরাপত্তা বাহিনী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস সূত্র। এসব তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম-কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন।



