ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষের অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে অধিক যানবাহনের চাপে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) সাজেদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১১টার পর তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বুধবার ভোর থেকে যানজট কিছুটা কমতে শুরু করলেও বর্তমানে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। ফলে ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।



