ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে ৬টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে দুটি,চট্টগ্রাম সিএমএম আদালতে তিনটি এবং সিলেট সিএমএম আদালতে একটি মামলা দায়ের করা হয়। দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ (২) ধারায় ঢাকা সিএমএম আদালতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেএমএম আবেদ রাজা প্রথম মামলাটি দায়ের করেন। একই আদালতে আরেকটি মামলা করেন আলহাজ মো. বাদল।এদিকে একই অভিযোগে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রাম সিএমএম আদালতে তিনটি মামলা করা হয়েছে। মামলার বাদীরা হলেন, চট্টগ্রাম আদালতের আইনজীবী আবদুস সাত্তার, ইফতেখার হোসেন মহসিন ও আরেক নারী আইনজীবী। মামলাগুলো মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এছাড়া সিলেট সিএমএম আদালতে একই অভিযোগে আরেকটি মামলা করেছন আদালতের আইনজীবী মাসুদুর রহমান খান মুন্না। মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী রোববার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে হজের বিরোধী বলে পরিচয় দেন। তিনি বলেন,‘হজে জনশক্তি নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রোডাকশন নাই। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।’ পরে তার এই বক্তব্য দেওয়া ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।



