জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সংবিধান সংশোধন বিল প্রসঙ্গে সংসদে কথা বলতে গিয়ে বলেছেন, যদি বলি বিলটি সঠিক তাহলে আমাকে বলা হবে গৃহপালিত। এই সংসদের রেওয়া হয়েছিল যদি ফাইল ছোড়াছুড়ি করতে পারি তাহলেই সত্যিকারের বিরোধী দল। মানি না, মানব না, সংসদ বর্জন করি, ওয়াক আউট করি তাইলেই বিরোধী দল!
এরশাদ আরও বলেন, আমি এই নীতিতে বিশ্বাস করি না। আমি আদর্শের রাজনীতি করি। এই বিলটি পাস হলে স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হবে কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে। বিচার বিভাগ সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেকের চেয়ে অনেক বেশি। আমার বিরুদ্ধে ৭০টির উপরে মামলা দেওয়া হয়েছে। নীতিগতভাবে আমি এই বিলটি সমর্থন করি। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিলটিতে সমর্থন দেওয়াতে উপস্থিত সংসদ নেতাসহ সবাই টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করেন।




